০৬ অক্টোবর, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ইটভাটা ব্যবসায়ী ওবাইদুল আজিম রিংকুর স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং তার স্ত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জানুয়ারি থেকে আজ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হলো। এরমধ্যে আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে দুই জন এবং অন্যরা রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় জেলায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
হাসপাতালের তথ্যমতে, আজ মঙ্গলবার পর্যন্ত জেলা হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৮৩১ জন এবং বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে একহাজার ৪৫৭ জনের।
অন্যদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর-এর কীটতত্ত্ব জরিপে চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩৬ শতাংশ বাড়িতেই এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। এটিকে অত্যন্ত উদ্বেগজনক ও উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালানোর জন্য জেলা প্রশাসন থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ায় ডেঙ্গুর ভয়াবহ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি।