১৫ আগস্ট, ২০২৪
কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মোটরসাইকেলচালক।বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার ইয়াছিনের স্ত্রী মিতু আক্তার (২৮) ও তার ছেলে আলভী (১৬ মাস)।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াছিন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে কুমিল্লা থেকে চৌদ্দগ্রাম মিয়াবাজার যাচ্ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন মল্লিকা সিএনজি পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। তবে প্রাণে বেঁচে যান মোটরসাইকেলচালক ইয়াছিন।
ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।