০৭ অক্টোবর, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-২০২৫-এর একটি কোর্সের উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-২০২৫-এর একটি কোর্সের উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
কমিটিতে খালেদা জিয়া হলের প্রভোস্ট ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম আয়নুল হক আকন্দকে আহ্বায়ক করা হয়েছে। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদকে সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ. এস. এম আয়নুল হক আকন্দ বলেন, “চিঠি হাতে পেয়েছি। আমরা তদন্তের কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি। আশা করি আগামীকাল বা পরবর্তী শনিবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো।”