০৭ অক্টোবর, ২০২৬
দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন এবং রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিদের জন্য নীতিমালা প্রণয়ন এবং দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বদলির সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কার্যক্রম, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি, জনবল ও বাজেট পরিস্থিতি, ভিশন-মিশন, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কমিটিকে অবহিত করা হয়।
উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা মসজিদে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন। পাশাপাশি দেশের মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের বিষয়েও সুপারিশ করা হয়। সরকারি অর্থে যেসব ব্যক্তি হজে যান, তাদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নেরও সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান ও মিশনে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন এমন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত বদলির সুপারিশ করা হয়। মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য- আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সুবর্ণা সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।