☰
✕

শহীদ আবরার ফাহাদের খুনিদের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে শিবির

০৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘নিপীড়নবিরোধী দিবস’ ও শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাফিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘আমরা শহীদ আবরার ফাহাদের আদর্শের সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই, বাংলাদেশের প্রতিটি মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। ভারতকে খুশি করার জন্য যদি এ দেশের কোনো মানুষকে হয়রানি করা হয় বা বৈষম্য করা হয়, তাহলে ছাত্রজনতা তা মেনে নেবে না।’

বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষক নিয়োগে দলীয়করণ, পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাদ দেওয়া এবং বিসিএস ও বিশেষ বিসিএসে মেধাবীদের বাদ দিয়ে গেজেট প্রকাশের মতো উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তারা মনে করেন। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

সরকারকে সতর্ক করে রাফি বলেন, ‘এ ধরনের ব্যর্থ প্রচেষ্টা আর করবেন না। এ ধরনের প্রচেষ্টা করলে অতীতের রাজনৈতিক পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে।’

শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ‘শহীদ আবরার ফাহাদের যারা খুনি, তাদের চিহ্নিত করা হয়েছে। আমরা অবিলম্বে তাদের রায় বাস্তবায়ন দেখতে চাই। এ দেশের ছাত্রসমাজও শহীদ আবরার ফাহাদের খুনিদের রায় কার্যকর দেখতে চায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ভারতীয় আধিপত্য ও আনুগত্যমুক্ত একটি বাংলাদেশ। সরকারের প্রতি আহ্বান জানাই, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করুন। এ দেশের ছাত্রসমাজ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।’