০৮ অক্টোবর, ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে কাজ করা হচ্ছে।
আজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্তে আয়োজিত বিশেষ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পূজামণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। পূজা উদযাপন কমিটির সাথে যোগাযোগের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী কাজ করা হচ্ছে।
জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মৎস্য প্রতিমন্ত্রী বলেন, যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের দেশে আসার আর কোন সুযোগ নেই। যারা অপরাধী দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে, এটি আইনী প্রক্রিয়া-এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।