০৮ অক্টোবর, ২০২৬
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতন করতে নৌপথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা টাস্কফোর্সের উদ্যোগে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টার দিকে নদীতে এ নৌপথসভা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুর ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা নদীতে থাকা জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় মা ইলিশ সংরক্ষণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা সম্পর্কে তাঁদের জানানো হয়। নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা, ইলিশ পরিবহন, মজুত ও বিক্রয়সহ সংশ্লিষ্ট আইন ও বিধিনিষেধ সম্পর্কেও তাঁদের সচেতন করা হয়।
পরে জেলেদের মধ্যে নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে কিংবা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।