০৮ অক্টোবর, ২০২৬
খুলনা নগরীর কেডি ঘোষ রোডে সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অপহরণের ঘটনা ঘটে। তবে কয়েক ঘণ্টার মধ্যে তাকে আবার ফিরে আসতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৭ অক্টোবর) দুপুরে তিনি খাওয়ার জন্য অফিসের বাইরে বের হলে কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। আশেপাশের সিসি ফুটেজে দেখা যায়, প্রথমে একটি রিকশায় করে তাকে কিছুদূর নেওয়া হয়। রিকশার আগে মুখে রুমাল বাধা অবস্থায় একজনকে দৌড়াতে দেখা যায়। আরেকটি মটরসাইকেলে তিনজনকে ওই রিকশার পেছনে যেতে দেখা যায়।
পরবর্তীতে রিকশাটি সাব-রেজিস্টার অফিস ও জেলা পরিষদের মধ্যকার গলির মধ্যে ঢুকে মন্দিরের কাছাকাছি পৌঁছে রিকশা থেকে নামিয়ে তাকে মটরসাইকেলে ওঠানোর চেষ্টা করা হয়। এ সময় পথচারী দুই জন ওই স্থানে অপহরণকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে। একপর্যায়ে অপহরণকারীরা একজনের হাতে পিস্তল দেখা যায়। এরপর তাকে মোটরসাইকেলে করে নদীর তীর হয়ে বাজারের দিকে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। তবে কয়েক ঘণ্টাখানেক পর অফিসে ফিরে আসেন সাব-রেজিষ্ট্রার তন্ময়। এ সময় তিনি এ বিষয়ে কিছু বলতে আপত্তি জানান।
তবে তিনি বলেন, দুপুরে লাঞ্চের জন্য বের হলে কিছু লোক তাকে একটি ডকুমেন্ট দেখানো জন্য নিয়ে যায়। আমি সেখানে যাই। কোন অসুবিধা হয়নি। আবার ফিরে এসেছি। কোন অপহরনের ঘটনা ঘটেনি। এসব কথা বলার সময় তাকে উদ্বিগ্ন দেখা যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লোকমান হোসেন জানান, তন্ময় মণ্ডলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তিনি এখনও সঠিকভাবে কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি। তাকে শারীরিকভাবে আঘাত করা হয়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।