☰
✕

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে চেক হস্তান্তর

০৮ অক্টোবর, ২০২৬

মেহেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার ১ কোটি ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আজ বুধবার বেলা ১১ টায় এ চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ চেক তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকসহ সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে ১৮ বছরের নিচে কাউকে মোটরসাইকেল চালাতে না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মধ্যে নিহত ১৮টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে ৯০ লাখ টাকা এবং গুরুতর আহত ও আহত ১৭টি পরিবারের মাঝে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, বিআরটিএর সহকারি পরিচালক লিটন বিশ্বাস, টিআই আব্দুল হান্নান, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।