☰
✕

কানাডায় নতুন আইন নিয়ে তীব্র বিতর্ক

০৮ অক্টোবর, ২০২৬

বিদেশি শক্তির প্রভাব ও গোপন লবিং ঠেকাতে কানাডায় নতুন আইন চালু হলেও এর বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের হিসাবে, দেশে সম্ভাব্য বিদেশি এজেন্ট রয়েছেন ২ হাজার ৪২২ জন। অথচ নিবন্ধনের সময়সীমা পেরিয়ে গেলেও আবেদন করেছেন মাত্র ৩০ জন। এর মধ্যে পাবলিক ডাটাবেজে নাম প্রকাশ করা হয়েছে মাত্র দুজনের।

এ পরিস্থিতিতে বিদেশি শক্তির গোপন তৎপরতা ও লবিংয়ে স্বচ্ছতা আনতে সরকারের চালু করা ‘ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি রেজিস্ট্রি’ নিয়ে অটোয়ার রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।

‘পাবলিক সেফটি কানাডা’র হিসাব অনুযায়ী, কানাডার রাজনীতি ও নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অন্তত ২ হাজার ৪২২ জন বিদেশি এজেন্ট সক্রিয় রয়েছেন। নতুন আইন অনুযায়ী, তাদের নিবন্ধনের শেষ সময়সীমা ছিল ৩ অক্টোবর। কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর মাত্র ৩০ জন নিবন্ধনের আবেদন করেছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত পাবলিক ডাটাবেজে নাম এসেছে মাত্র দুজনের।

নিবন্ধনের এই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সদস্যরা। কনজারভেটিভ পার্টির এমপি মাইকেল কুপার সংসদীয় কমিটিতে এটিকে ‘সম্পূর্ণ এবং চরম ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন।

বিরোধীদের অভিযোগ, সম্ভাব্য বিদেশি এজেন্টের সংখ্যা ও নিবন্ধনের সংখ্যার মধ্যে বড় ব্যবধান থাকায় বিদেশি শক্তির হয়ে কারা কানাডার রাজনীতি ও নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করছেন, তা জনসাধারণের কাছে এখনো স্পষ্ট নয়।

এদিকে ২ কোটি ৯৪ লাখ ডলার ব্যয়ে তৈরি নিবন্ধন ব্যবস্থার আইটি সিস্টেম নিয়েও প্রশ্ন উঠেছে। এতে একাধিক কারিগরি ত্রুটি এবং অন্তত দুবার সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ সামনে এসেছে। ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি কমিশনার অ্যান্টন বোগম্যান স্বীকার করেছেন, গত আগস্টে আইনটি চালুর সময় সিস্টেমটি একটি ‘ন্যূনতম কার্যকর পণ্য’ হিসেবে চালু করা হয়েছিল।

তবে বোগম্যান জানিয়েছেন, আইনটি নতুন হওয়ায় প্রাথমিকভাবে সচেতনতা তৈরি এবং স্বেচ্ছায় নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, কোনো চুক্তি করার ১৪ দিনের মধ্যে নিবন্ধন না করলে অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ ডলার পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

বিদেশি প্রভাব ও লবিংয়ের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করাই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলেও, প্রাথমিক পর্যায়ে নিবন্ধনের সংখ্যা কম হওয়া এবং প্রযুক্তিগত ত্রুটির অভিযোগের কারণে এর বাস্তব প্রয়োগ নিয়ে কানাডায় আলোচনা অব্যাহত রয়েছে।