☰
✕

বিএনপির দুই নেতার পদ স্থগিত

০৮ অক্টোবর, ২০২৬

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৭ অক্টোবর থেকে পদ স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে, চিঠিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এর আগে আদালতে বিচারাধীন জমি বিরোধ নিয়ে দলীয় কার্যালয়ে সালিশের নোটিশ দেওয়ার অভিযোগে মতিউর রহমানকে গত ৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি।

এ বিষয়ে মতিউর রহমান বলেন, দুই পক্ষকে বসিয়ে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া তার ভুল ছিল। তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। পদ স্থগিতের সিদ্ধান্তকে দলের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নিয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে সম্প্রতি ১২ বছরের এক শিশু ও তার মাকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে চুন্নু ওই শিশুকে চুরির সঙ্গে জড়িত বলে দাবি করেন। পদ স্থগিতের বিষয়ে তিনি বলেন, দলের উচ্চপর্যায়ের নেতারা দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি বিএনপির সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত ও দলের ভাবমূর্তি রক্ষায় জেলা বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি যত বড় মাপের নেতাই হোন না কেন, ছাড় দেওয়া হবে না।