০৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম নিবন্ধন করার চেষ্টার দায়ে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার ৪নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম কসবা উপজেলার শাহপুর গ্রামের তোরাফ আলীর ছেলে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, আবুল কালাম তিনটি জন্ম নিবন্ধনের আবেদনে মিথ্যা তথ্য প্রদান করে নিবন্ধন করানোর চেষ্টা করেন। একটি আবেদনে তিনি নিজেকে এক ব্যক্তির ছেলে এবং অপর দুটি আবেদনে ওই ব্যক্তির দুই মেয়ের পরিচয় ব্যবহার করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান আবেদনগুলো যাচাই-বাছাই করেন।
যাচাই করে চেয়ারম্যান জানতে পারেন, আবেদনে পিতা হিসেবে যে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তার কোনো ছেলে সন্তান নেই। একইভাবে আবেদনে উল্লেখ করা নামের কোনো মেয়ে সন্তানও ওই ব্যক্তির নেই। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবিরকে ঘটনাস্থলে পাঠান।
ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত ও যাচাই করে আবেদনে দেওয়া তথ্যের সত্যতা না থাকার প্রমাণ পান। এ সময় অভিযুক্ত আবুল কালাম নিজের অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবুল কালাম দোষ স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সঠিক ও নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা এবং ভুয়া তথ্যের মাধ্যমে জন্ম নিবন্ধন প্রতিরোধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।