☰
✕

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলে আটক

০৯ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জেলেকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক এক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মেঘনা নদীর রায়পুর উপজেলার আজগর সওদাগরের চর এলাকায় অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মাছ ধরার নৌকা ও ৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন বিল্লাল মাল, খোকন, হৃদয় গাইন, আবুল কালাম, মোহাম্মাদ আলী, মো. রাসেল, মনির মিঝি, সবুজ হাওলাদার, আব্দুল জাব্বার, কাদির সর্দার ও তসলিম। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রাসেলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্য ১১ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দ করা চায়না দুয়ারি জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ চারটি নৌকার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, আইন অমান্য করে নদীতে মাছ শিকারে নামায় ১২ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। বাকি ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।