☰
✕

গাজীপুরে হঠাৎ ১৩০ শ্রমিক ছাঁটাই, কারখানায় উত্তেজনা

০৯ অক্টোবর, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পূর্ব ঘোষণা ছাড়াই একটি পোশাক কারখানার ১৩০ শ্রমিককে ছাঁটাইয়ের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আকস্মিকভাবে চাকরি হারানোর খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাঁটাই হওয়া শ্রমিকেরা। এ ঘটনায় কারখানায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকার ইসলাম গার্মেন্টস লিমিটেডের ওভেন শাখায় এ ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় কারখানায় ছুটির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। একই সময় কাজের স্বল্পতার কারণ দেখিয়ে ওভেন শাখার ১৩০ শ্রমিককে বাংলাদেশ শ্রম আইনের ২৬ ধারার আওতায় ছাঁটাইয়ের কথা জানানো হয়। একই সঙ্গে ছাঁটাই করা শ্রমিকদের পাওনাদি ওই দিনই নেওয়ার কথা বলা হয়।

হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন শ্রমিক কারখানার প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

কারখানায় ছুটির পর অন্যান্য শ্রমিকরা চলে গেলেও ছাঁটাই হওয়া ১৩০ শ্রমিক সেখানে অবস্থান করেন। চাকরি হারানোর পাশাপাশি পাওনাদি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে শ্রমিকদের দাবি।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শ্রম আইন অনুযায়ী ছাঁটাই করা ১৩০ শ্রমিকের পাওনাদি পরিশোধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।