☰
✕

মতলব উত্তরে কারেন্ট জালসহ তিন জেলে আটক

০৯ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাইসহ তিন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ মিটার কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের লঞ্চঘাটের সামনে অভিযান চালায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।

আটক ব্যক্তিরা হলেন, বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সর্দার (৫৮)। তাদের সবার বাড়ি মতলব উত্তর উপজেলায়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন শুক্রবার দুপুরে অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই ব্যবহার করে মাছ শিকারের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় জালগুলো জব্দ করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান অব্যাহত রয়েছে।