☰
✕

ঠাকুরগাঁও সীমান্তে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার

০৯ অক্টোবর, ২০২৬

 

ঠাকুরগাঁওয়ের হরিণমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধীন কোটপাড়া বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার মো. আ. মোতালেব হোসেনের নেতৃত্বে বিশেষ টহলদলটি অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।