☰
✕

অচলাবস্থার মাঝেই চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে অধ্যাপক মো. আরাফাত

১০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্যের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালন করবেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। আগামী ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় যোগ দিতে ১০ অক্টোবর বিকেলে ঢাকা সফরে যাচ্ছেন। আগামী ১১ ও ১২ অক্টোবর তিনি সভায় অংশ নেবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখতে অধ্যাপক আরাফাত রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩ অক্টোবর কর্মস্থলে ফেরার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। ৯ অক্টোবর এক ই মেইল বার্তায় অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ভারপ্রাপ্ত উপাচার্যের এ দায়িত্ব অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী, উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব সাধারণত অনুষদের ডিনদের দেওয়া হয়ে থাকে। তবে এবার যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অনুষদীয় ডিনের দায়িত্ব না থাকায় তাকে এ দায়িত্ব অর্পনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নানা মহলে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘যেকোনো একজন অধ্যাপককে দায়িত্ব দিলেই চলে। ডিনদেরকেই দিতে হবে এমন কোনো নিয়ম নেই।’

অধ্যাপক ড. মো. আরাফাত রহমান বলেন, ‘রুটিন দায়িত্ব আমি যেখানে থাকব, সেখানেই। এটা যে উপাচার্য ভবনে যেতে হবে, এমন কোনো বিষয় না। দৈনন্দিন দায়িত্বের সঙ্গে যদি ভিসি মহোদয়ের কোনো কাজ থাকে, সেটা দেখব।’

এদিকে উপাচার্য পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে চুয়েটের অচলাবস্থা গড়িয়েছে ১৮তম দিনে। গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করলেও এখনো ক্যাম্পাসে আসেননি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বর্তমানে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছেন বলে জানা গেছে।

সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।