☰
✕

সৈয়দ মনজুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

১০ অক্টোবর, ২০২৬

শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাহিত্য-সমালোচনায় স্বতন্ত্র অবদান রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এই লেখক।

২০২৫ সালের আজকের এই দিনে তিনি মারা যান।

১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেট শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নের পর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে আইরিশ কবি ডাব্লিউ বি ইয়েটসের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি।

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চা ও সাহিত্য-সমালোচনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সৈয়দ মনজুরুল ইসলামের কথাসাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য বাস্তবতা ও কল্পনার মেলবন্ধন। তাঁর গল্পে দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা কখনো জাদু-বাস্তবতার আবহে নতুন মাত্রা পায়। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘প্রেম ও প্রার্থনার গল্প’, ‘আধখানা মানুষ’ ও ‘অলস দিনের হাওয়া’।

সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৮ সালে একুশে পদক লাভ করেন। 

শিক্ষকতা, সাহিত্যচর্চা ও মননশীল লেখালেখির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।