১০ অক্টোবর, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম (১৬) নামের একজেনর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া মুসকান আরা মিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাহবুব আলমের মেয়ে।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হয় মুসকান। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন উদ্বেগের সৃষ্টি করছে। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১০৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৬১ জন। এর মধ্যে শুধু ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫৫ জন। পূর্বের ভর্তি থাকা রোগীসহ বর্তমানে জেলা হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন মোট ৯৯ জন রোগী।