১১ অক্টোবর, ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সাঁতার শিখন ও প্রতিবন্ধকতা নিয়ে সচেতনতামূলক আলোচনা ও সাঁতার সরঞ্জাম বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় নেত্রকোনা সচেতন নাগরিক ব্যানারে শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের মোক্তারপাড়া ডিসি বাংলোর সামনের পুকুর পাড়ে বকুল তলায় এই কর্মসূচিতে প্রশাসনসহ অভিভাবক শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
"পানিতে ডুবে মৃত্যু নয়, সাঁতার শিখি জীবন বাঁচাই" এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, সাবেক প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাব সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাঁতার প্রশিক্ষক মো. মুখলেছুর রহমান এবিএম জুলহাস মান্নান ও খেলাফত আন্দোলনের গাজী আব্দুর রহিম।
এ সময় লিজ দিয়ে দেয়া সরকারি পুকুরটির লিজ বাতিল করে সাঁতারের উপযোগী করে উন্মুক্ত করে দেয়া ও পোশাক পরিবর্তনের জন্য পুকুর পাড়ে ব্যবস্থা করার অনুরোধ জানান সাঁতার কোচসহ স্থানীয় সচেতন নাগরিকরা। তারা আরও বলেন, পুকুরের পানি অত্যন্ত নোংরা থাকায় এবং মাছের খাবার দেয়ার কারণে চর্মররোগ হয়ে যায়। যারা অন্যত্র জায়গা না পেয়ে এই একটি পুকুরেই বাধ্য হয়ে সাঁতার শেখেন তারা এমন নানা সমস্যার কথা তুলে ধরেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন তাৎক্ষনিক কার্যক্রম হাতে নেয়ার আশ্বাস প্রদান করেন। পরে সাঁতারে উৎসাহী করতে শিশু সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সরঞ্জামাদি বিতরণ করা হয়।