১১ অক্টোবর, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ‘পলাতক ব্যক্তি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার অভিযোগ, বিচার এড়াতে এবং নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জীবন ও যুক্তরাষ্ট্রের সম্পদকে ঝুঁকির মুখে ফেলছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি অভিযোগ করেন, ‘নেতানিয়াহুর হাতে আরব, মার্কিন ও ইরানিদের রক্ত লেগে আছে। নিজের দেশের মানুষের প্রতিও তার কোনো পরোয়া নেই।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধে অভিযুক্ত পলাতক ব্যক্তি, যার হাতে আরব, মার্কিন ও ইরানিদের রক্ত লেগে আছে। বিচার এড়াতে নিজের জনগণের প্রতিও তার কোনো পরোয়া নেই।
অধঃপতিত জুয়াড়ির মতো তিনি আরও মার্কিন রক্ত ও সম্পদের বিনিময়ে মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এমনকি মার্কিন সিনেটররাও এই সংঘাত থেকে বেরিয়ে আসতে চাইছেন।’
ইসরায়েলি এক জেনারেলের সাক্ষাৎকার শেয়ার করে এসব মন্তব্য করেন আরাগচি। ওই জেনারেল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন সকালে নেতানিয়াহুকে ঘুম থেকে জাগিয়েছিলেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।