১১ অক্টোবর, ২০২৬
দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধনের পরিমাণও। আলোচ্য সময়ে অধিকাংশ সূচক ছিল নিম্নমুখী। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ১ হাজার ৭৩১ কোটি টাকা।
শনিবার (১০ অক্টোবর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ২০৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৭৩১ কোটি টাকা।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৭৮২ কোটি ৩২ লাখ টাকা। এ সময় প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৩০ কোটি ৬২ লাখ টাকা। সে সময় প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ১২ লাখ টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে, ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে— সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ, এপেক্স ফুড ও এনভয় টেক্সটাইল।