☰
✕

হবিগঞ্জে ‘দেশ নাট্যগোষ্ঠী’র ৩৩ বছর পূর্তি উদযাপন

১১ অক্টোবর, ২০২৬

আনন্দঘন পরিবেশে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘দেশ নাট্যগোষ্ঠী’র ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। 

‘দেশ নাট্যগোষ্ঠী’ সংগঠনটি দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নাট্যচর্চা, সংস্কৃতির বিকাশ এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

শুক্রবার রাত ৮টায় সংগঠনের দেশমঞ্চে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, আলোচনা ও নাটকের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

‘নাটক হোক শৃঙ্খলিত মানুষের মুক্তির গান’ এ শ্লোগানে প্রতিষ্ঠালগ্ন থেকে ‘দেশ নাট্যগোষ্ঠী’ শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাটকের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরা, তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করা এবং স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের প্রতিভা বিকাশে সংগঠনটির অবদান প্রশংসনীয়।

৩৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উদযাপন অনুষ্ঠান সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দীর্ঘ পথচলা সংগঠনটির জন্য যেমন গৌরবের, তেমনি শায়েস্তাগঞ্জের সাংস্কৃতিক ইতিহাসেও একটি উল্লেখযোগ্য অধ্যায়।

সংগঠনের সভাপতি হারুন সাঁই’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আ স মআফজল আলী, জেলা কালচারাল অফিসার অসীত বরণ দাস গুপ্ত, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক নাসরিন হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য জিতু আহমেদ মাখন, সাধারণ সম্পাদক মো. মুখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।

সুস্থ সংস্কৃতিচর্চা একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন বক্তারা। দেশ নাট্যগোষ্ঠী আগামী দিনেও নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, মুক্তচিন্তা ও সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সবার। শেষে হারুন সাঁইয়ের নির্দেশনায় ইম্প্রোভাইজেশন নাটক ‘টাক বদন’ মঞ্চস্থ হয়।