১১ অক্টোবর, ২০২৬
বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিকুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
এছাড়া উপস্থিত ছিলেন শিশু একাডেমির নবগঠিত জেলা পরিচালনা কমিটির মনোনীত সদস্য নাজমা আখতার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট পলাশ সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬-এর কর্মসূচি শুরু হয়।
এর ধারাবাহিকতায় ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বগুড়া জেলা শিশু একাডেমির আয়োজনে টানা পাঁচ দিন বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য, মোরগ লড়াই ও মার্বেল খেলাসহ শিশুদের জন্য নানা বিনোদনমূলক ও মেধা বিকাশমূলক প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী এসব আয়োজনে অংশ নেয় শিশুরা।
শনিবার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর মধ্য দিয়ে বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।