☰
✕

প্লাস্টিক সার্জারি ক্যাম্পে মুন্সীগঞ্জে চিকিৎসা পেলেন ১৩৫ রোগী

১১ অক্টোবর, ২০২৬

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীসহ ১৩৫ জনকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা দেওয়া হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রায় দুই সপ্তাহব্যাপী এ ক্যাম্পে মোট ৩২৬ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ১৩৫ জন রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়।

ক্যাম্পের কার্যক্রম শেষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, যমুনা ব্যাংক পিএলসির সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. শহিদুল ইসলাম।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডা. মেনো হাইকেশোভেন এবং তাঁর দলের অন্যান্য চিকিৎসক। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়াজনিত সমস্যায় আক্রান্ত রোগীরা বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পেয়েছেন।