১২ অক্টোবর, ২০২৬
মোবাইল ফোনে রিচার্জ করা ব্যালান্স বা ইন্টারনেটের ডেটা শেষ হয়ে গেলে ইমার্জেন্সি ব্যালান্স নেওয়ার সুবিধা দিচ্ছে চারটি মোবাইল অপারেটর। এ সুবিধার সর্বোচ্চ সীমা এখন ২০০ টাকা। এ সীমা বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে অপারেটরগুলো।
সম্প্রতি দেওয়া প্রস্তাব অনুযায়ী, ইমার্জেন্সি ব্যালান্সের সীমা ৫০০ টাকার সঙ্গে যুক্ত হবে ১০ টাকা সেবা ফি ও তার ওপর কর।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবের পক্ষে ‘গ্রাহকরা বেশি দামের প্যাকেজ কিনতে পারবেন’ এমন যুক্তি দিয়েছে অপারেটরগুলো।
বিটিআরসির নথিপত্র বলছে, ২০১৯ সাল থেকে দেশের চার মোবাইল অপারেটর ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দিয়ে আসছে।
এর মধ্যে ১০ টাকা পর্যন্ত ব্যালান্স নিতে কোনো চার্জ দিতে হয় না। তবে এর বেশি অঙ্কের জন্য ২ টাকা ৭৮ পয়সা থেকে প্রায় ৭ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়।
ইমার্জেন্সি ব্যালান্সের সার্ভিস ফি নির্ধারণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। তিনি বলেন, ‘ইমার্জেন্সি ব্যালান্সে সার্ভিস ফি কত টাকা হবে, তা নিয়ে আলোচনা চলছে। চলতি মাসে পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
বর্তমানে দেশের ১৯ কোটির বেশি সিম সংযোগধারীকে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর। ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা বাড়লে জরুরি প্রয়োজনে গ্রাহকদের বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।