১২ অক্টোবর, ২০২৬
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই। আজ সোমবার দুপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীতে নিজ বাসায় মারা গেছেন তিনি।
তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা।
রুশনাফের বয়স হয়েছিল ৩৮ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
আনান সিদ্দিকা বলেন, ‘সর্বশেষ যেদিন কথা হয়েছিল তখন ও বলেছিল, ‘আমি হয়তো বেশি দিন থাকব না।
এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল ও। শ্বাসকষ্ট ছিল। শারীরিক কষ্টের মধ্যেও গাইতে ভালোবাসত। টুক টুক করে গান গাইত।
আমি বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে; কিন্তু মানসিক আনন্দ দিচ্ছে। ও খুব লক্ষ্মী ছেলে ছিল, দুনিয়াতে আসলে ভালো মানুষ থাকে না।’
ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি পেয়েছিলেন রুশনাফ। গানের পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন।
এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এ ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছিলেন রুশনাফ।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন এই শিল্পী।