☰
✕

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

১৩ অক্টোবর, ২০২৬

স্মার্টফোন ব্যবহারে আরও আধুনিক ও পার্সোনালাইজড অভিজ্ঞতা দিতে পরীক্ষামূলক এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘এলা ক্ল’ (EllaClaw) উন্মোচন করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। নতুন এই এআই অ্যাসিস্ট্যান্ট সাধারণ চ্যাটবটের মতো কেবল প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ডিভাইসের নিয়ন্ত্রণ, দৈনন্দিন কাজ সহজ করা এবং বিভিন্ন অ্যাপের মধ্যে সমন্বয় রেখে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম।

টেকনোর উদ্ভাবনী ‘এলা’ (Ella) অ্যাসিস্ট্যান্ট এবং ‘ওপেনক্ল’ (OpenClaw) ফ্রেমওয়ার্কের যৌথ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই এজেন্টিক এআই। ৪০টিরও বেশি স্মার্ট স্কিল নিয়ে কাজ করা ‘এলা ক্ল’ অতিরিক্ত ব্যাটারি বা ডেটা ব্যবহার করা অ্যাপ শনাক্ত করা, র‍্যাম ও সিপিইউ রিসোর্স অপটিমাইজ করা এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপের অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটি কমাবে। তবে ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে রাখতে যেকোনো বড় পরিবর্তনের আগে এটি ব্যবহারকারীর অনুমতি নেবে।

গ্রাহকদের পার্সোনালাইজড অভিজ্ঞতা দিতে এতে যুক্ত করা হয়েছে ‘লং-টার্ম মেমোরি’। এর ফলে এটি ক্যালেন্ডার, আবহাওয়া ও ট্রাভেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দিনের শুরুতে সংক্ষিপ্ত আপডেট দেওয়া, ট্রাভেল রিমাইন্ডার সেট করা ও যাতায়াতের প্ল্যান করতে পারে।

এ ছাড়া ‘ক্রস-অ্যাপ অটোমেশন’ (Cross-app Automation) ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর নির্দেশনায় রাইড-শেয়ারিং অ্যাপে গাড়ি বুকিং, খাবার অর্ডার, অনলাইন শপিং ও স্মার্ট হোম অ্যাপ চালনার মতো মাল্টিটাস্কিং স্বয়ংক্রিয়ভাবে করতে পারে এই সিস্টেমটি। পুরো প্রক্রিয়াটি স্ক্রিনে দৃশ্যমান থাকায় প্রতিটি ধাপ সহজেই মনিটর করা সম্ভব।

প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘অ্যান্ড্রয়েড অথরিটি’ ও ‘গ্যাজেটম্যাচ’ টেকনোর এই এআই প্রযুক্তি এবং এর ক্রস-অ্যাপ মাল্টিটাস্কিং ক্ষমতার প্রশংসা করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’ নতুন এই উদ্ভাবনকে ‘এজেন্ট ফোন’ যুগের সূচনা বলে অভিহিত করেছে। তাদের মতে, স্মার্টফোনের এআই এখন শুধু তথ্য সরবরাহে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের কাজ সম্পন্ন করার দিকে এগিয়ে যাচ্ছে।

বর্তমানে ‘এলা ক্ল’ উন্নয়ন ও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণ ও ফ্ল্যাগশিপ—সব ধরনের গ্রাহকের কাছে এই সেবা পৌঁছে দিতে কাজ করছে টেকনো। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে টেকনো বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজ পরিদর্শন করতে অনুরোধ করা হয়েছে।