১৪ অক্টোবর, ২০২৬
ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর বাজার সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু বাড়ি যাদবপুর গ্রামের ও সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুটি শিশু বাড়ির পাশের একটি পুকুরের কাছে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন।
নিহতদের মধ্যে একজন যাদবপুর বাজারের বাবু দর্জির ৪বছর বয়সী ছেলে নাহিয়ান এবং অপরজন বাবু দর্জির ভাগ্নি ও একই গ্রামের আশিকুর রহমানের মেয়ে ৩বছর বয়সী হুমায়রা। এভাবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শিশুর সার্বিক খোজখবর নেন এবং তাদের সহযোগীতা করেন। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে কোন ক্লু পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।