১৪ অক্টোবর, ২০২৬
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
বিএনপির এই ত্যাগী ও একনিষ্ঠ জাতীয়তাবাদী আদর্শের নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
এদিকে, বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিটে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাউদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বেলা ৩টায় শ্যামপুর লাল মসজিদে নামাজের জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে মরহুমের বাবার কবরে দাফন করা হবে।