☰
✕

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৪ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুর আলম, কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

দিবসের কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। এতে আকস্মিক দুর্যোগে নিরাপদে আশ্রয় ও নিজেদের সুরক্ষা নিশ্চিত করা এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনার বিষয়টি তুলে ধরা হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা, আগাম প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় শুধু প্রশাসন বা উদ্ধারকারী সংস্থার ওপর নির্ভর না করে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে প্রস্তুতি ও সচেতনতা গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য নিয়মিত মহড়া, সচেতনতামূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করা প্রযোজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।