☰
✕

জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

১৪ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের দ্বীপ শীলের (৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দ্বীপ শীল বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। মাত্র তিন বছর তিন মাস বয়সেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছিল শিশুটি। হাস্যোজ্জ্বল মুখ আর বিভিন্ন সৃজনশীল ভিডিওতে উপস্থিতির কারণে অল্প সময়েই অনেকের কাছে প্রিয় হয়ে উঠেছিল সে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে তার মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও জনপ্রিয়তা পায় শিশুটি।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, পানিতে ডুবে দ্বীপ শীল নামে এক তিন বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে ওই শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়।