☰
✕

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে চমক

১৪ অক্টোবর, ২০২৬

চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিপক্ষীয় সিরিজটি হবে ২ টেস্টের।

সিরিজ সামনে রেখেই দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। 

১৫ সদস্যের দলে নেই দুর্দান্ত ছন্দে থাকা শাই হোপ। মূলত সীমিত সংস্করণের অধিনায়ককে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে চোট থেকে সুস্থ না হওয়ায় এই সিরিজে নেই পেসার আলজারি জোসেফ।

 

অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কেভিন উইকহ্যাম। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিন ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ইনিংসগুলো হচ্ছে—১০৫, ১৫৩ ও ১০৮*।

টুর্নামেন্টে বার্বাডোজের হয়ে করেছেন মোট ৩৯৩ রান। গড়ও ঈর্ষণীয়, ৭৮.৬০।

জোসেফের পরিবর্তে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ছিলেন না তিনি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট ৫ নভেম্বর সিলেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে এটাই শেষ সিরিজ ক্যারিবিয়ানদের। বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা দলটি। বিপরীতে বাংলাদেশ ৪ নম্বরে।
 
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল-

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান, জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা. সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।