☰
✕

পশুবাহিত রোগের প্রাদুর্ভাবে নামিবিয়া থেকে মাংস আমদানি সাময়িক বন্ধ ইইউর

১৪ অক্টোবর, ২০২৬

নামিবিয়ার গবাদি পশুর মধ্যে সংক্রামক ভাইরাসজনিত রোগ ‘ফুট-এন্ড-মাউথ ডিজিজ’ বা খুর ও মুখ রোগ (এফএমডি) ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে দেশের অভ্যন্তরীণ বাজারে মাংস সরবরাহ কমার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তাজা মাংস ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর নামিবিয়ার দক্ষিণাঞ্চলীয় খারাস অঞ্চলের একটি বাণিজ্যিক খামারে প্রথম এই রোগের উপস্থিতি শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে অক্টোবর মাসের শুরুতে উত্তর নামিবিয়ার জাম্বেজি অঞ্চলেও রোগটির প্রাদুর্ভাব নিশ্চিত করে কর্তৃপক্ষ। রোগ ছড়ানো রোধে সরকার দুই অঞ্চলেই পশু ও কাঁচা মাংস পরিবহনে বিধি-নিষেধ আরোপ করেছে। একই সঙ্গে গবাদি পশুর হাট, কসাইখানা ও স্থানীয় বাজারে অনানুষ্ঠানিক পশু জবাই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোগটি ছড়ানোর পর ইউরোপীয় ইউনিয়ন নামিবিয়া থেকে নির্দিষ্ট কিছু তাজা ও প্রক্রিয়াজাত মাংস আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে। তবে ২৩ সেপ্টেম্বরের আগে অনুমোদন পাওয়া তাজা মাংসের চালানগুলো প্রয়োজনীয় ইইউ শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রবেশের সুযোগ পাবে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে নামিবিয়ার পশুচিকিৎসাসেবা অধিদপ্তর আক্রান্ত এলাকাগুলোতে জরুরি টিকাদান শুরু করেছে। পাশাপাশি সীমান্ত ও আঞ্চলিক সড়কে তদারকি বাড়াতে ১০টি রোডব্লক এবং ২০টি নজরদারি দল গঠন করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সীমান্ত দিয়ে পশু পারাপার ঠেকাতে অরেঞ্জ নদী বরাবর নতুন পশুচিকিৎসা বেষ্টনী নির্মাণের কাজও শুরু করেছে সরকার।

এই নিষেধাজ্ঞার কারণে স্থানীয় কসাই, খামারি ও সাধারণ ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। রাজধানী উইন্ডহোকের খোলাবাজারে মাংস সরবরাহ না থাকায় অনেক দোকান খালি পড়ে রয়েছে। এ ছাড়া দেশটির শীর্ষ মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ‘মিটকো’ উইন্ডহোক কসাইখানার কাজ স্থগিত রেখে তাদের প্রায় ৪০০ উৎপাদনকর্মীকে তিন সপ্তাহের জন্য ছুটিয়ে পাঠাতে বাধ্য হয়েছে।