☰
✕

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান ড্যারেন স্যামি

১৪ অক্টোবর, ২০২৬

চলতি মাসে দুটি টেস্ট খেলতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশ-উইন্ডিজ দলের আসন্ন এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আজ ক্যারিবিয়ানরা তাদের দল ঘোষণা করেছে। যেখানে পেসার আলজারি জোসেফ নাম সরিয়ে নিয়েছেন নিজ থেকে এবং দুর্দান্ত ফর্মে থাকা সাদা বলে দুই ফরম্যাটের অধিনায়ক শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

দুই তারকা না থাকলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজে জয় ছাড়া আর অন্য ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ ড্যারেন স্যামি। তিনি বলেন, ‘এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমরা কিছু লক্ষ্য নির্ধারণ করেছিলাম। এর মধ্যে একটি ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অর্ধে থেকে চক্র শেষ করা।’

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে নিজেদের লক্ষ্য পূরণ করতে চান স্যামি, ‘এই সিরিজ জিততে পারলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছাতে পারব। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে, আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

প্রসঙ্গত, ঘরের মাঠে আসন্ন সিরিজটি নাজমুল হোসেন শান্তর দলের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু তাদের এখনও ফাইনালে ওঠার সুযোগ আছে। বিপরীতে ক্যারিবীয়দের অবস্থান পয়েন্ট টেবিলের আটে।