☰
✕

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু, অংশ নিচ্ছেন ১০৮ শিক্ষার্থী

১৪ অক্টোবর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের আয়োজনে দাবা ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়। এতে মোট ১০৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অন্যতম।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো শিক্ষাবর্ষজুড়েই এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করবে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সুস্থ ও আনন্দময় মনোজগৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. নাজমুল হোসাইন। এ ছাড়া শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তরপ্রধান, প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দাবা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অরবিটাররা।

অন্যদিকে, উদ্বোধনী দিনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠে মেয়েদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আটটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেন। চার দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর।