☰
✕

ধোপাজান নদীতে বালু চুরি ঠেকাতে পুলিশের অভিযান, আটক ২ নৌকা

১৪ অক্টোবর, ২০২৬

 

সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি দুটি বাল্কহেড নৌকা আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে বাল্কহেড নৌকা দুটি আটক করা হয়। পরে নৌকা দুটি সুনামগঞ্জ সদর থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করেন নেতাকর্মীরা।

এর আগে গতকাল মঙ্গলবার রাত থেকে নদীতে বালুচোরদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। এ সময় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আইনজীবী নুরুল ইসলাম নুরুলের আহ্বানে পুলিশকে সহায়তার জন্য অভিযানে যোগ দেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।

অভিযান সূত্রে জানা গেছে, রাতভর নদীতে টহল দিয়ে অবৈধভাবে বালু লোড করা দুটি বাল্কহেড নৌকা আটক করে জেলা সদরে নিয়ে আসা হয়। পরে আজ বিকেলে শহরের তেঘরিয়া ঘাট থেকে আটক নৌকা দুটি সদর থানায় নিয়ে যান সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

এ বিষয়ে ওসি রতন শেখ বলেন, নদীতে বালু চুরি ঠেকাতে পুলিশের টহল অভিযানে বিএনপির নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেছেন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করতে পুলিশের পাশাপাশি প্রশাসনের অন্যান্য বিভাগকেও আরও সক্রিয় হতে হবে।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আইনজীবী নুরুল ইসলাম নুরুল বলেন, ধোপাজান চলতি একটি ইজারাবিহীন নদী। উজানে বালুর প্রাচুর্য থাকায় কিছু অসাধু লোক প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সেখান থেকে বালু চুরি করে নিয়ে যাচ্ছিল। এই চুরির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।