১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও আদর্শ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শুরু হয়েছে নজরুল বর্ষ বক্তৃতামালা। এর প্রথম আয়োজনে কবির জীবন ও দর্শন নিয়ে আলোচনা করার পাশাপাশি তাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘কাজী নজরুল ইসলাম: জীবন ও দর্শন’ শীর্ষক এ বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের নজরুল বর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক, নজরুল গবেষক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ কবি নজরুলের মতো একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ব্যক্তি সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। কবি নজরুল আমাদের জন্য এক আদর্শ। তার আদর্শ ধারণ করতে পারলে আমরা সফলকাম হতে পারব। তিনি শুধু বাংলাদেশ বা ভারতের নন, সারা বিশ্বের আশীর্বাদ হিসেবে এসেছিলেন।”
উপাচার্য আরো বলেন, “মানুষের মুক্তির জন্য কবি নজরুল সারা জীবন সংগ্রাম করেছেন। অথচ জীবদ্দশায় তিনি প্রাপ্য মর্যাদা পাননি; বরং নিগৃহীত, বঞ্চিত ও তিরস্কৃত হয়েছেন। এত কিছুর পরও তিনি থেমে থাকেননি।” কবি নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হলেও এখনো সাংবিধানিকভাবে সেই স্বীকৃতি কার্যকর করা হয়নি। তাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।
বছরব্যাপী আয়োজনের বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মধ্যে কবি নজরুলের জীবন ও আদর্শ সামগ্রিকভাবে ছড়িয়ে দিতে ১৩টি নজরুল বক্তৃতামালার আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কবির জীবন, আদর্শ ও সৃষ্টিকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
বক্তৃতায় অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা নজরুলের মানসগঠন, দর্শন, দ্রোহ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা, ধর্মীয় মূল্যবোধ ও অখণ্ড জাতীয়তাবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের পক্ষ থেকে নজরুল বক্তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)।
বক্তৃতামালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।