১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে তৃতীয় ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের পছন্দ ও মতামত জানতে জরিপ পরিচালনা করা হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মতামত ফর্ম বিতরণ এবং তা পূরণ শেষে সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতার উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশের দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা ও অনুমোদনক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নির্বাচিত অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জরিপ ফর্ম বিতরণ করতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথভাবে পূরণ করা ফর্ম সংগ্রহের পর সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
ফর্মগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীনের ঠিকানায় সাত কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকানাটি হলো- বাড়ি-৫৮, রোড-৮/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
এ ছাড়া এ কার্যক্রমে সহযোগিতার জন্য আঞ্চলিক কেন্দ্রগুলোতে যাওয়া মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কার্যক্রমে দায়িত্ব পালনকারী আঞ্চলিক কেন্দ্রের দুজন কর্মকর্তা-কর্মচারী বিধি অনুযায়ী শুধু যাতায়াত ভাতা (টি.এ) পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।