১৫ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে বীজের মূল্য তালিকা প্রদর্শন না করা ও বীজ উন্মুক্তভাবে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে মারুফা এন্টারপ্রাইজ ও মনসুর আহমেদ ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মারুফা এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের বীজ বিক্রি করা হলেও প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছিল না। পাশাপাশি বীজ বায়ুনিরোধক পাত্রে সংরক্ষণ না করে উন্মুক্তভাবে রাখা হয়েছিল।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ধরনের অনিয়ম পাওয়া যায় মনসুর আহমেদ ট্রেডার্সে। প্রতিষ্ঠানটিতে বীজের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বায়ুনিরোধক পাত্রের পরিবর্তে উন্মুক্তভাবে বীজ সংরক্ষণ করায় মালিক মনসুর আহমেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন।
এ সময় সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।