১৫ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সার্বিক অগ্রগতিও সন্তোষজনক।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এটি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। এতে যানজট কমার পাশাপাশি মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।
এদিকে মুক্তারপুর সেতুর টোল মওকুফ কিংবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয়দের দাবির প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় প্রচলিত টোল নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির উত্থাপিত যুক্তিসংগত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ ছাড়া মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি