☰
✕

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

১৫ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সংবাদকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে মাদক চোরাচালানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উতরাইল বাজারের একটি দোকানে বসে ছিলেন আলিফ। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলেও হামলাকারীদের আটক করতে পারেননি। পরে তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিহত আলিফের গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রের দাবি, মাদক চোরাচালান ও অপরাধ চক্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ছিলেন তিনি। এর আগেও গত ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন আলিফ। ওই সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আগের হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ। তবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তার সহকর্মী ও স্বজনেরা।