১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. শহিদুল ইসলাম (৫০)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে শিবচর সদর রোডের টিপু ডাক্তারের বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টা ২০ এর দিক শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদ শিবচর পৌরসভার কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুত গামীর একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান।
স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছে।তবে চালক পলাতক রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ মেলেনি। তবে মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সহায়তায় চেষ্টা চলছে।”
উল্লেখ্য নিহত শহিদুল ইসলাম ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত সফলতার সঙ্গে বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী সময় এবং বিগত রাজনৈতিক অস্থিরতার নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় নীতি ও আদর্শে অবিচল ছিলেন। এ সময় একাধিক হামলা, মামলা ও কারাবরণের শিকার হতে হয় তাঁকে।
একজন সদা হাস্যোজ্জ্বল, জনবান্ধব ও সমাজসেবক হিসেবে এলাকায় তাঁর ব্যাপক সুনাম রয়েছে। বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।
তার এই আকস্মিক ও হৃদয়বিদারক প্রয়াণে পুরো শিবচর উপজেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে রাজনৈতিক সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ হাসপাতালে এবং তাঁর বাসভবনে ভিড় জমান।