১৬ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। কোথাও কোনো সমস্যা দেখা দিলে গুজবে কান না দিয়ে সরাসরি প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ করা এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলার ৩৩টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তারপরও কোনো ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করতে হবে। কোনো অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মীর হেলাল উদ্দীন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বাংলাদেশকে একটি ‘রংধনু জাতি’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উপহার পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং। সভাপতির বক্তব্যে তিনি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের বান্দরবানে আগমন ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জেলা পরিষদের সদস্যরা, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।