১৬ অক্টোবর, ২০২৬
কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা নামের সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কান্দিরপাড় নজরুল এভিনিউ সড়কে জামান মেডিক্যাল হলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দীপক সাহা (৬৮) নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তিনি কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল শাখার এজিএম ছিলেন। গত বছর তিনি অবসরে আসেন।
ঘটনার পরপরই অভিযুক্ত ইজিবাইক চালক ইব্রাহিমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
জামান মেডিক্যাল হলের মালিক দ্বীপ সাহা জানান, সন্ধ্যার পর দীপক সাহাসহ আরো কয়েকজন আমার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি দোকান থেকে বের হওয়া মাত্রই বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার উপর দিয়ে ইজিবাইকটির চাকা যায়। দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী ট্রমা হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ইজিবাইকটির চালক ইব্রাহিমকে আমাদের দোকানে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী রতন মল্লিক বলেন, কুমিল্লা নগরীতে সর্বোচ্চ ৬ হাজার ইজিবাইক চলতে পারে। সেখানে প্রায় ৪৮ হাজার ইজিবাইক চলছে। তার মধ্যে মাদকসেবী আছে ৩০ ভাগ।
তাদের বেপরোয়া চলাচল এবং উগ্র আচরণে আমরা অতিষ্ঠ। বলা যায় নগরবাসী এক ধরনের জিম্মি করে রাখছে তারা।
ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজিব মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসেছি। অভিযুক্ত ইজিবাইকটির চালক ইব্রাহিমকে আটক করা হয়েছে। আমরা তাকে কোতোয়ালি থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।