☰
✕

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সংসদীয় কমিটির তাগিদ

১৬ অক্টোবর, ২০২৬

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগে থাকা ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ দ্রুত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণের সুপারিশ করেছে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি খাদ্যে ভেজাল প্রতিরোধ, কৃষিজমি সংরক্ষণ এবং উপকারভোগী নির্বাচনে সম্পূর্ণ ডিজিটালাইজেশন অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠকে এসব সুপারিশ ও সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সার্বিক কার্যাবলী ও জনবল ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিভিন্ন পদে বর্তমানে ৬৬৫৩টি পদ শূন্য রয়েছে। কমিটি আউটসোর্সিংয়ের ওপর নির্ভরতা কমিয়ে স্থায়ী নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এসব শূন্য পদ পূরণের পরামর্শ দেয়।

খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, সরকার নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতে অত্যন্ত সচেতন। শিশুখাদ্যসহ সার্বিক খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে নজরদারি বাড়ানো হচ্ছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করতে প্রতিটি অফিসে ‘মিনি ল্যাবরেটরি’ স্থাপন এবং খাদ্যের মান পরীক্ষা ও মনিটরিংয়ের জন্য ‘মোবাইল ভ্যান’ সরবরাহের কাজ চলছে।

অপরিকল্পিত নগরায়ণের ফলে আবাদী জমি কমে যাওয়া প্রসঙ্গে বৈঠকে জানানো হয়, কৃষিজমির অননুমোদিত ব্যবহার রোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে মন্ত্রণালয়। এছাড়া ওপেন মার্কেট সেল (ওএমএস) এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা প্রণয়ন চলছে।

কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার। জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। খাদ্য সরবরাহে প্রকৃত উপকারভোগী নির্ধারণে কোনো ত্রুটি যাতে না থাকে, সেজন্য ডিজিটালাইজেশন অনুসরণের আহ্বান জানান তিনি।

বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, আবুল কালাম এমপি, মো. আবু তালেব মন্ডল এমপি, মো. আব্দুল করিম এমপি ও শামছুন্নাহার বেগম এমপিসহ খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।