☰
✕

বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

১৬ অক্টোবর, ২০২৬

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ এ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বাগেরহাটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, সাংবাদিক ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনতা ও আত্মমর্যাদা নিশ্চিত করতে সাদাছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সহায়ক উপকরণ। তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি সমাজের সর্বস্তরে তাদের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিবন্ধিতা কোনো ব্যক্তির সম্ভাবনা ও সক্ষমতার পথে বাধা হওয়া উচিত নয়। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল উপযোগী পরিবেশ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’