☰
✕

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২ ককটেল উদ্ধার

১৬ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা থেকে থেকে ৯২টি ককটেল, গানপাওডার ও কাচের টুকরাসহ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহারাজপুর ইউনিয়নের মিয়া-চৌধুরী পাড়া এলাকার একটি আমবাগানে এসআরবি-৫ রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় অভিযান পরিচালনা করে এসব বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কতিপয় দূস্কৃতিকারী ওই বাগানে ককটেল তৈরি করছে এমন খবরে অভিযান চালানো হয়। তবে এসআরবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে আমবাগান থেকে ৯২টি ককটেল, গানপাওডার ও ককটেল তৈরির উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ হয়।

জব্দ গানপাওডার পরিমাপের কাজ চলছে।’

 

তিনি আরো বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও শনাক্ত করা যায়নি। তবে এসআরবি কিছু তথ্য পেয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় কোনো ঘটনার সঙ্গে এই ককটেল উদ্ধারের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযানের ব্যাপারে আরো বিস্তারিত জাননো হবে।’

এর আগে চলতি মাসে এই ইউনিয়নে আরো দুই দফা ককটেল উদ্ধার করে পুলিশ ও এসআরবি। এর মধ্যে ২ অক্টোবর স্থানীয় দুটি গ্রুপে উত্তেজনার মধ্যে অন্তত ৩টি ককটেল বিস্ফোরণ ঘটে।

এতে এক তরুণের কব্জি উড়ে যায় ও অপর এক যুবকের চোখ মারাত্মকভাবে জখম হয়। পরে পুলিশ ঘটনাস্থল একটি আমবাগান থেকে উদ্ধার করে ১১টি অবিস্ফারিত ককটেল।

এরপর ১১ অক্টোবর ইউনিয়নের একটি লেবু বাগানে গর্ত করে ৩টি বালতিতে পুঁতে রাখা ১৭টি ককটেল উদ্ধার করে পুলিশ ও এসআরবির বোম্ব ডিসেপোজাল ইউনিট।