১৬ অক্টোবর, ২০২৬
খাবার ডেলিভারি দিতে আসা এক চালকের সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের জেরে মায়ামিতে গ্রেফতার হয়েছেন খুসলেন খান নামের এক ফিটনেস ইনফ্লুয়েন্সার। তার আসল নাম খুসলেন সারুলতুয়া। উবার চালককে লক্ষ্য করে গুলি চালানো, মারধরের অভিযোগ রয়েছেন। গ্রেফতারের সময় তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, অবৈধ অস্ত্র দিয়ে আঘাত এবং মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১২ অক্টোবর রাতে মায়ামির একটি অ্যাপার্টমেন্টে খাবার ডেলিভারি দিতে এসেছিলেন ওই উবার চালক। লবিতে খাবার দেওয়ার সময় ওই ভবনের এক নারীর সঙ্গে তার কথা হয়। সেই সময় উবার চালক তার সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর প্রায় এক ঘণ্টা পর ওই নারীর সঙ্গে দেখা করতে এবং তার ফোন নম্বর পাওয়ার আশায় পুনরায় সেই অ্যাপার্টমেন্টে আসেন। কিন্তু ওই নারীর দেখা না পেয়ে তিনি ফিরে যাচ্ছিলেন, ঠিক তখনই খুসলেন সারুলতুয়া চালকের দিকে বন্দুক উঁচিয়ে মাটিতে শুয়ে পড়াতে বলেন। চালকের ভাষ্যমতে, সেসময় সারুলতুয়ার হাতে একটি সেমি-অটোমেটিক পিস্তল ছিল।
পুলিশের অভিযোগ, চালক মাটিতে শুয়ে পড়ার পর তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়েন সারুলতুয়া। একটি গুলি তার শরীরে লাগে। গুলিবিদ্ধ চালাকের মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করেন হামলাকারী। এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর আহত অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে স্থানীয় একটি হাসপাতালে যান। পরবর্তীতে পুলিশ তাকে ছবি দেখিয়ে অভিযুক্তকে শনাক্ত করায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সারুলতুয়ার বাসভবন গিয়ে তাকে গ্রেফতার করে। এরপর তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে কোকেন, কেটামিন, সাইলোসাইবিন মাশরুম এবং অক্সিকোডোনের মতো মাদকদ্রব্য উদ্ধার করা হয়।