☰
✕

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

১৬ অক্টোবর, ২০২৬

পুনের বিলাসবহুল ফ্ল্যাট তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ভারতের ট্রাম্প টাওয়ারসে অবস্থিত ফ্ল্যাটটি থেকে প্রথম বছরে প্রতি মাসে ৪ লাখ ৬৩ হাজার রুপি ভাড়া পাবেন তিনি।

তিন বছরে ভাড়া বাবদ তার আয় হতে পারে প্রায় ১ কোটি ৭৫ লাখ রুপি।

সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, পুনের কল্যাণী নগর-ইয়েরওয়াড়া এলাকায় ট্রাম্প টাওয়ারসের ১০ তলায় অবস্থিত ফ্ল্যাটটির ভাড়া চুক্তি ৬ অক্টোবর নিবন্ধিত হয়েছে। চুক্তির মেয়াদ ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

চুক্তি অনুযায়ী, প্রথম বছরে মাসিক ভাড়া ৪ লাখ ৬৩ হাজার রুপি।

দ্বিতীয় বছরে তা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার এবং তৃতীয় বছরে ৫ লাখ ১১ হাজার রুপি হবে। প্রতি বছর ভাড়া বাড়বে ৫ শতাংশ করে।

প্রায় ৬ হাজার ৯৪ বর্গফুটের ফ্ল্যাটটিতে তিনটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। ভাড়াটিয়া রুচি গোয়েল জামানত হিসেবে দিয়েছেন ২৭ লাখ ৭৮ হাজার রুপি।

২০১৫ সালে ১১ কোটি রুপির বেশি দামে ফ্ল্যাটটি কিনেছিলেন রণবীর। ২০২৩ সালেও একই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন তিনি। সে সময় পুনের গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দুরোশক্সকে মাসে ৪ লাখ রুপিতে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল।

কাজের ক্ষেত্রে রণবীরকে সামনে দেখা যাবে ‘রামায়ণ’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সাই পল্লবী, যশ ও সানি দেওল।

সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।